ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থী শোয়েব মুনশীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুনশীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে গৌরীপুর পৌরসভার সর্বস্তরের জনগণ ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি গৌরীপুর সাবরেজিস্ট্রি অফিসের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সাবরেজিস্ট্রি অফিসের সামনে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে পশ্চিমদাপুনিয়ার আব্দুল ওয়াহেদের স্ত্রী রেজিয়া খাতুন বলেন, শোয়েব মুনশীর বাবা আব্দুল খালেক মুনশী ছিলেন জনদরদী মানুষ। তাঁর সুযোগ্য সন্তান শোয়েব। আমাকে দাদু বলে ডাকে। আমি আমার নাতির মুক্তি চাই।
একই গ্রামের আব্দুল কদ্দুছের স্ত্রী রহিমা খাতুন বলেন, শোয়েব এলাকার জনদরদী মানুষ। সে কাউকে খুন করতে পারে না। এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই।
তার পরিবারের সদস্যদের দাবি, শোয়েব মুনশী গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে দীর্ঘদিন যাবত প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এতে একটি মহল ঈর্ষান্বিত হয়ে তাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।
তারা আরও দাবি করেন মানিক মিয়া একজন মাদকসেবী ও বিক্রেতা, তার ভাই সুক মিয়া, হিরা আওয়ামী লীগের নেতা। ওরা সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের পালিত সন্ত্রাসী। আমাদের বাড়িতে একাধিকবার ওরা হামলা করেছে।
ওদের সাথে জমি সংক্রান্ত বিরোধও চলমান আছে। তাই এই মিথ্যা মামলা দিয়ে শোয়েব মুনশী, তার ভাই অলি মুনশী, নূহ মুনশীসহ তার পরিবারকে হয়রানি করা হচ্ছে। তাই আমরা সকল বন্ধীদের মুক্তি ও এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
এছাড়াও সমাবেশ বক্তব্য রাখেন পশ্চিম দাপুনিয়ার ফুলবানু, নুরেজা আক্তার, আছিয়া খাতুন, সতিষা গ্রামের দুলেনা খাতুন, ফজিলাতুনেছা, খোদেজা আক্তার, পূর্বদাপুনিয়ার সাহেরা খাতুন, জামেলা খাতুন, ইউসুফাবাদের তারাবানু, হাজেরা খাতুন, সাতুতী গ্রামের নুর জাহান আক্তার, আসমাহুল হোসনা রেখা, আম্বিয়া আক্তার, পশ্চিমদাপুনিয়ার আব্দুল গনি, আব্দুস সালাম, সতিষার আব্দুর বারেক, গোলকপুরের রুবেল মিয়া, কলতাপাড়ার আব্দুর রহিম আকন্দ প্রমুখ।
উল্লেখ্য যে, গত ৩০জুন পিকআপ চালক মানিক মিয়া হত্যাকাণ্ডের শিকার হয়। এ ঘটনায় তার স্ত্রী মোছা. সুমাইয়া আক্তার সেলিনা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় গত ২ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেন শোয়েব মুনশী, অলি মুনশী, নূহ মুনশী, আল ইমরান খান, হাদীস মিয়া, উজ্জল মিয়া, রিফাত খান, জুনায়েদ। আদালতের বিচার জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।






























