বগুড়ার শিবগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ব্যতিক্রমী উদ্যোগ

শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের মেধা, দক্ষতা ও শিক্ষাভাবনা যাচাইয়ে বগুড়ার শিবগঞ্জে ব্যতিক্রমী ‘প্রতিভা অন্বেষণ পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় উপজেলার তিনটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ সরকারি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও চৌধুরী আদর্শ মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে প্রায় ১ হাজার ৬০০ শিক্ষার্থী ও ৬০০ শিক্ষক পরীক্ষায় অংশ নেন।
সংবিধান, সরকার, জাতীয়, আন্তর্জাতিক ও স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রণীত প্রশ্নে শিক্ষক ও শিক্ষার্থীদের পৃথকভাবে পরীক্ষা নেওয়া হয়।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, পরীক্ষার মাধ্যমে নির্বাচনী এলাকার মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও সৃজনশীলতাকে শিক্ষার উন্নয়নে কাজে লাগানোই এ উদ্যোগের লক্ষ্য। পরীক্ষার ফলের ভিত্তিতে ৪০০ শিক্ষার্থী ও ২০০ শিক্ষককে নিয়ে বিশেষ মতবিনিময় সভা আয়োজন করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষক ও শিক্ষার্থীদের একই উদ্যোগের আওতায় এনে মেধা যাচাই এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে তাদের মতামত নেওয়ার এ আয়োজন স্থানীয় পর্যায়ে একটি অনুসরণযোগ্য দৃষ্টান্ত হতে পারে।























