ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের মুকসুদপুরে ইতালি পাঠানোর কথা বলে মিনহাজ শেখ(২২) কে লিবিয়ায় পাচার। দেশে ফেরার পর মানবপাচারকারীরা উল্টো মামলা দিয়ে মিনহাজের পরিবারকে হয়রানি করার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পিতা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার বামনডাঙ্গা গ্রামের নওশের শেখ তার লিখিত বক্তব্যে বলেন, “আমার ছেলে মিনহাজ শেখকে ২২ লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে বড়ইহাট গ্রামের শামসুল হক শেখ, ছেলে সামাদ শেখ ও সাইদুল শেখ মিলে ইতালি নেওয়ার কথা বলে। এতে আমরা রাজি হয়ে নগদ ১ লক্ষ টাকা সহ আমার ছেলের পাসপোর্ট জমা দেই। একমাসের মধ্যে বাকি টাকা দিলে মিনহাজকে ইতালি পৌঁছে দিবে বলে আশ্বস্ত করে।
গত ১ অক্টোবর ২০২৫ তারিখে আমার ছেলেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিভিন্ন দেশ ঘুরিয়ে লিবিয়া নেয়। পরে তাদের দেওয়া কয়েকটি ব্যাংক একাউন্টের মাধ্যমে ২১ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করি। আমার ছেলেকে লিবিয়া নিয়ে কিছুদিন পর মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। মাফিয়ারা আমার ছেলেকে মারপিট করে, আমাকে ছবি পাঠায় ও ভিডিও কলে দেখিয়ে টাকা দাবী করে।
ছেলের জীবন বাঁচাতে আমার সর্বস্ব শেষ করে মোট ৩৬ লক্ষ টাকা দেই। গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে আমার ছেলে বাংলাদেশে ফেরত আসে। পরে মানবপাচারকারীদের স্থানীয়ভাবে টাকা ফেরতের চাপ দিলে, সময় ক্ষেপণ করে আমাদের নামে শামসুল হকের মেয়ে খুশিনা বেগম কে বাদী করে মাদারীপুর বিজ্ঞ আদালতে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
আমিও তথ্য প্রমাণের ভিত্তিতে গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছি। আমি এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।”






























