রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের মত বিনিময়

রাঙ্গামাটিকে একটি পরিকল্পিত ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় অনুষ্ঠিত মত বিনিময়সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য এড. মামুনুর রশীদ মামুন, তফাজ্জল হোসেন, বিটু চাকমা, শ্বাসত চাকমা রিংকু, সুপর্ণ দেব বর্মণ, ত্রিমতি খেয়াং, প্রেমা তালুকদার, উথাই মং মারমা, পাইসিং মং মারমা।
অনুষ্ঠানে জেলা পরিষদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে চেয়ারম্যান দীপন বলেন, পার্বত্য এই জেলার সামগ্রিক উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে এবং অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে কোল্ডস্টোরেজ (হিমাগার) নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “রাঙামাটির অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এটিকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”
মতবিনিময় সভায় রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।






























