সুন্দরবনে দস্যু বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে জলদস্যু বাহিনীর হাতে জিম্মি হওয়া ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- খুলনার পাইকগাছা উপজেলার মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)।

আজ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাকোপের শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় দস্যু ‘সম্রাট বাহিনী’র অবস্থান শনাক্ত করে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান। এরপর, গতকাল রোববার দুপুর ২টার দিকে সেখানে বিশেষ অভিযান চালিয়ে জিম্মি চার জেলেকে উদ্ধার করা হয়।

তবে, এসময় কোস্ট গার্ডের উপস্থিতি আঁচ করে পালিয়ে যায় দস্যুরা।

কোস্ট গার্ড সূত্র জানায়, গত ১০ অক্টোবর ওই ৪ জন জেলেকে ধরে নিয়ে জিম্মি করে দস্যুরা। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাদের নির্যাতনও করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, সুন্দরবনের বনদস্যু নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে অপারেশন ‘রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং অপারেশন ‘ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে।

এসব অভিযানের মাধ্যমে বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলদস্যুদের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের চেষ্টা করা হচ্ছে।