পাটুরিয়ায় আনসারদের রেশনের ১২৩ টন চাল জব্দ

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আনসার সদস্যদের রেশনের ১২২ টন ৯৪০ কেজি চালবোঝাই ছয়টি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা ম্যাজিস্ট্রেট।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাটুরিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ঢোল কাউন্টারের পাশ থেকে সন্দেহজনক অবস্থায় ট্রাকগুলো আটক করেন স্থানীয় সাংবাদিকরা। পরে সাংবাদিকদের কাছ থেকে তথ্য পেয়ে শিবালয় থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে চাল পরিবহনে কোনো অবৈধতা দেখতে পায়নি পুলিশ। পরে ঢাকার সাংবাদিকদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রশ্ন ও চ্যালেঞ্জ তোলা হলে চালগুলো জব্দ করা হয়।
প্রাথমিক তথ্যে জানা গেছে, সাতটি ট্রাকে মোট ১ লাখ ৩৮ হাজার ২৪২ কেজি চাল পরিবহনের জন্য লোড করা হয়েছিল। এর মধ্যে ছয়টি ট্রাকে থাকা ৪ হাজার ৯৮টি বস্তায় ১ লাখ ২২ হাজার ৯৪০ কেজি চাল জব্দ করা হয়েছে। ট্রাকসহ চালগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘৪ হাজার ৯৮টি বস্তায় ১ লাখ ২২ হাজার ৯৪০ কেজি চালসহ ছয়টি ট্রাক আটক করে থানায় আনা হয়েছে। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
জব্দ করা চালের উৎস, পরিবহন ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত কমিটি খতিয়ে দেখবে বলে জানা গেছে।






























