দিনাজপুরের বীরগঞ্জে বিএনপি নেতার বাড়িতে পেট্রোলভর্তি বোতল নিক্ষেপের অভিযোগ

দিনাজপুরের বীরগঞ্জে বিএনপির এক নেতার বাড়িতে পেট্রোলভর্তি কাঁচের বোতল নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও খামার খড়িকাদাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আব্দুল কাদেরের বাড়িটি গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের পেছনে অবস্থিত। তাঁর অভিযোগ, দুর্বৃত্তরা বাড়ির একটি জানালার দিকে পেট্রোলভর্তি বোতল নিক্ষেপ করে। এ সময় বোতলটি জানালার কাঁচে আঘাত করলে নিচে বোতলের ভাঙা কাঁচের টুকরা পড়ে থাকতে দেখা যায়।

জানালার কাঁচ ভাঙেনি এবং আগুনও ধরেনি। পরে ঘটনাস্থলে আরও একটি পেট্রোলভর্তি বোতল পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায় , তাদেরকে চিনতে পারেনি ,বলে তিনি জানান।

আব্দুল কাদের বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে অবস্থান করে মুঠোফোনে কথা বলছিলেন। হঠাৎ বাড়ির প্রধান ফটকে আঘাতের শব্দ শুনে বারান্দার দরজা খুলে বাইরে তাকান। এ সময় তাঁর বাড়ির জানালার দিকে পেট্রোল ভর্তি বোতল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেন। পরে তিনি বিষয়টি বীরগঞ্জ থানা-পুলিশকে জানান। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

খবর পেয়ে রাতেই বীরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রায়হান বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিক্ষিপ্ত বোতলটি জানালার কাঁচে আঘাত করলেও কাঁচ ভাঙেনি এবং আগুনও ধরেনি। ঘটনাস্থলে পাওয়া আলামত সংরক্ষণ করে রাখতে বলা হয়েছে। প্রাথমিক তদন্ত করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।