খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ: নিন্দা, প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

খুলনা মহানগরীতে সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ। যারা এই হামলার সঙ্গে জড়িত, তারা আইনের শাসন ও বাক্স্বাধীনতার শত্রু। সাংবাদিকরা যদি নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকেন, তবে তা মুক্ত সাংবাদিকতার পথকে সংকুচিত করে দেয়।
বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত সময়ে সাংবাদিক হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচার না হওয়ায় সন্ত্রাসীরা এমন ন্যক্কারজনক হামলা করার সাহস পাচ্ছে। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
অ্যাডভোকেট মনা অভিযোগ করেন, ফ্যাসিবাদ ও তার দোসররা সরকারকে বিব্রত করতে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে খুলনায় সাংবাদিক রকিবুল ইসলাম মতি, রাফিউল ইসলাম টুটুল, আওয়াল ও সৈয়দ রানা কবীরের ওপর হামলার ঘটনা ঘটানো হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন মো. রাশিদুল ইসলাম এবং পরিচালনা করেন আব্দুর রাজ্জাক রানা ও আশরাফুল ইসলাম নূর।
এসময় আরও বক্তব্য দেন বিসিবি পরিচালক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মো. নূরুজ্জামান, মো. এরশাদ আলী, কে এম জিয়াউস সাদাত, রফিউল ইসলাম টুটুল, কৌশিক দে, আবুল হাসান হিমালয়, এম এ হাসান, কাজী শামীম আহমেদ, কনক রহমান, আহমদ মুসা রঞ্জু, মাকসুদ আলী, সোহেল মাহমুদ, আনোয়ারুল ইসলাম কাজল, কামরুল আহসান, নিয়ামুল হোসেন কচি, শেখ আল এহসান, নূর ইসলাম রকি প্রমুখ।
বক্তারা বলেন, প্রকাশ্যে সাংবাদিকদের আড্ডাস্থলে গুলি ছোড়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই প্রমাণ। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং খুলনায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।






























