রাঙ্গামাটিতে পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ পার্বত্য প্রতিমন্ত্রীর

বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক ‘রংধনু জাতি’ গঠনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপগুলোতে আর্থিক অনুদানের চেক বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পাহাড়ি-বাঙালি ও সকল ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল একটি সম্প্রদায়ের উৎসব নয়, এটি সম্প্রীতির এক মিলনমেলা। সরকার পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রাকিব (পিপিএম), রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এবং জেলা পরিষদ সদস্য মামুনুর রশীদ মামুন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী রাঙ্গামাটি জেলাজুড়ে ৪৭টি পূজা মণ্ডপের আয়োজক কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেন, যাতে উৎসবটি সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হতে পারে।






























