পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা সেবনে ৩ জনের ১ মাস কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে পৌর শহরের সরদার সড়কে (৯ নং ওয়ার্ড) বাদুরতলী এলাকায় এই মাদক বিরোধী অভিযানে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনুযায়ী মো. হাসান সিকদার (৩০), কাওসার হাওলাদার (১৯) ও সৌরভ ভূইয়া (২৭) এদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।

ইয়াসীন সাদেক জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী’র একটি চৌকস টিম অভিযানে সহযোগিতা করেছে। তিনি বলেন, মাদকের বিষয়ে সব সময়ই জিরো টলারেন্স থাকবে। এছাড়াও মাদকদ্রব্য সংশ্লিষ্ট এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।