রংপুরের পীরগঞ্জে আলোচিত চান মিয়া হত্যা মামলার আসামীরা দেড় মাসেও গ্রেফতার হয়নি

রংপুরের পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চককরিম গ্রামের চান মিয়া হত্যাকান্ডের দেড় মাস অতিবাহিত হলেও কোন আসামী গ্রেফতার না হওয়ায় তাঁর পরিবার এ হত্যাকান্ডের সুষ্ট বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
অভিযোগ ও এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার পীরগঞ্জ সদর ইউনিয়নের চককরিম গ্রামের মৃত্যু বক্কর মিয়ার পুত্র চান মিয়ার সাথে একই গ্রামের আমিন মন্ডলের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৪ মার্চ চান মিয়ার স্ত্রী শেফালী বেগম তার বাড়ীর সামনে রাস্তায় বের হলে আমিন মন্ডলের লোকজন তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে।
শেফালী গালিগালাজ করতে নিষেধ করলে আমিন মন্ডলের লোকজন শেফালীকে এলোপাতাড়ি প্রহার করে। এতে শেফালী গুরুতর আহত হলে তার স্বামী ভ্যানচালক চান মিয়া সংবাদ পেয়ে বাড়ীতে এসে তার অসুস্থ স্ত্রীকে নিয়ে ভ্যানযোগে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় রাস্তায় প্রতিপক্ষের লোকজন তাদের গতিরোধ করে আবারও মারপিট করতে থাকে।
একপর্যায়ে চান মিয়া ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চান মিয়াকে মৃত্য ঘোষনা করেন।
এ ব্যাপারে চান মিয়ার স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে আমিন মন্ডল সহ ৯ জনের নাম উল্লেখ্য করে আসামী করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করে। যার মামলা নং- ২০, তাং-১৫/০৩/২৫। এদিকে এ হত্যা মামলা দায়েরের দেড় মাস সময় অতিবাহিত হলেও আসামীরা এখনও গ্রেফতার হয়নি।
এছাড়া আসামী পক্ষ বাদী পক্ষের লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছেন। ফলে বাদী পক্ষের লোকজন ভবিষ্যতে চান মিয়া হত্যাকান্ডের সুষ্ঠ বিচার নিয়ে সংশয় প্রকাশ করছেন।





























