রংপুরের পীরগঞ্জে আলোচিত ছাত্রী উত্ত্যক্তকারী শাওন গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মেয়ের বাবাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বখাটে এহতেশাম রেজা ওরফে শাওন মিয়াকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দিনগত গভীর রাতে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করেছে।

ভূক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভেন্ডাবাড়ী হাট এলাকায় স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিয়াজন ইসলামের বখাটে পুত্র এহতেশাম রেজা ওরফে শাওন মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে প্রতিবেশী ভাড়াটে রিয়াজুল ইসলাম সাগরের কলেজ পড়ুয়া কন্যাকে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল।

ছাত্রীটি বাড়ির বাহিরে বের হলে কিংবা কলেজ যাতায়াতের সময় নানা বাজে অঙ্গভঙ্গি, কটুক্তি এমনকি ওড়না টেনে ধরার ঘটনা ঘটিয়ে আসছিল।

গত ২০ মার্চ কলেজ ছাত্রীর বাবা রিয়াজুল ইসলাম সাগর উত্ত্যক্তকারী শাওনের বাবা ও মাকে বিষয়টি অবগত করে ছেলেকে শাসনের অনুরোধ জানায়। এদিকে বিষয়টি পরিবারকে জানানোর ঘটনায় শাওন ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে ২০ মার্চ সন্ধ্যায় বখাটে শাওন ও তার দলবল নিয়ে ভেন্ডাবাড়ী কিছুখাই কনফেকশনারীর সামনে কলেজ ছাত্রীর বাবা রিয়াজুল ইসলাম সাগরকে একা পেয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে গুরুতর আহত করে পালিয়ে যায়।

এ বিষয়ে ঘটনার রাতেই ছাত্রীর বাবা রিয়াজুল ইসলাম সাগর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত হলে তা এজাহার হিসেবে গন্য করা হয়। মামলা নং- ২১, তারিখ- ১৬-০৪-২০২৬। বিষয়টি নিশ্চিত করেছেন ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর খায়রুল ইসলাম।