লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই ইজিবাইকসহ চোরচক্রের সদস্য আটক

লালমনিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এ সময় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা ডিবি পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রংশন কবির।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার বিডিআর গেট এবং কুলাঘাট বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রথমে শহরের শহীদ শাহজাহান কলোনি এলাকার একটি সড়ক থেকে সুভাষ চন্দ্র রায় নামে আন্তঃজেলা অটোচোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুলাঘাট বাজারের শুভ অটো সেন্টার-এ অভিযান চালিয়ে আরও চারটি চোরাই ইজিবাইক এবং বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেক চোর পালিয়ে যায়।
ডিবি পুলিশ আরো জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

উদ্ধার হওয়া পাঁচটি চোরাই ইজিবাইকের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

ডিবির ওসি রংশন কবির জানলেন, চক্রটির পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।