কৃষি জমিতে লবণ, কাঁকড়া ও চিংড়ি চাষের আগ্রাসন বন্ধে মানববন্ধন

কৃষি জমিতে লবণ, কাঁকড়া ও চিংড়ি চাষের আগ্রাসন বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কোস্ট ফাউন্ডেশন ও উদয়ন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন বয়সের শতাধিক নারী অংশ নেন। এতে জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও সংবাদকর্মীরাও উপস্থিত থেকে বক্তব্য দেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী নারীরা বলেন, কৃষি জমিতে লবণাক্ত পানি প্রবেশ করিয়ে চিংড়ি ও কাঁকড়া চাষ করার ফলে ফসলি জমি নষ্ট হচ্ছে এবং মাটির উর্বরতা হারিয়ে যাচ্ছে। এর ফলে স্থানীয় মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে এবং কৃষিনির্ভর জনগোষ্ঠী দীর্ঘমেয়াদি ঝুঁকির মুখে পড়ছে।

তারা জীবন-জীবিকা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি জমিতে লবণ, কাঁকড়া ও চিংড়ি চাষ বন্ধের দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য কার্যকর আইন প্রণয়ন, বিকল্প আয়ের ব্যবস্থা ও পুনর্বাসন নিশ্চিত করার আহ্বান জানান। স্থানীয় জনগোষ্ঠীর সম্মতি ছাড়া ভূমি ব্যবহার পরিবর্তন বন্ধ করে কৃষি ফিরিয়ে আনার দাবিও তোলেন বক্তারা।

উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদের সভাপতিত্বে এবং কোস্ট ফাউন্ডেশনের এম এ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় নারী প্রতিনিধি ঝরনা বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইসলাম মনির, জনপ্রতিনিধি শওকাত হোসেন, তারুণ্যের প্রতিনিধি ইমরান পারভেজ, উন্নয়নকর্মী শিবু প্রসাদ বৈদ্য, নাজমা আবু প্রমুখ।

ভুক্তভোগী নারীরা তাদের বক্তব্যে জানান, লবণাক্ততা বৃদ্ধির ফলে উপকূলীয় নারীরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন। স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধির পাশাপাশি কৃষিনির্ভর পরিবারগুলো এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। গর্ভবতী নারী ও শিশুরা অপুষ্টির শিকার হচ্ছে বলেও তারা অভিযোগ করেন এবং এর সঙ্গে বাল্যবিয়ের ঝুঁকি বাড়ার বিষয়টি তুলে ধরেন।

মানববন্ধনে বক্তারা প্রাকৃতিক দুর্যোগের বাস্তবতা বিবেচনায় স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থে জোনভিত্তিক কৃষি, কাঁকড়া ও চিংড়ি চাষের ব্যবস্থা করার প্রস্তাব দেন। একই সঙ্গে উপকূলীয় বাঁধ সংরক্ষণে পাশ্ববর্তী নদী থেকে বালু উত্তোলন বন্ধ, তীব্র পানির সংকট নিরসন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে খাল খনন ও পুনঃখনন এবং এক ফসলি জমিকে সারা বছর চাষের আওতায় আনার কৌশল নির্ধারণের দাবি জানান।