রাঙ্গামাটিতে ট্যুরিস্ট বাস শহরে প্রবেশের ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু

রাঙ্গামাটি পার্বত্য জেলার উদ্যোগে ট্যুরিস্ট বাস শহরে প্রবেশের জন্য ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালুর উদ্যোগ গ্রহণ করেছেন—রাঙামাটি জেলা পুলিশ। যা রাঙ্গামাটির পর্যটনে গুণগত মান একধাপ এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন উক্ত উদ্যোগের উদ্যোক্তা রাঙ্গামাটি পুলিশ সুপার, মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।
নতুন এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে ট্যুরিস্ট বাসসমূহকে অনলাইনে নিবন্ধনের আওতায় এনে একটি নিয়ন্ত্রিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার মধ্যে আনা সম্ভব হবে।
এখন থেকে ট্যুরিস্ট বাস শহরে প্রবেশের পূর্বেই নির্ধারিত চেকপোস্টে কিংবা যাত্রা শুরুর পরে *www.obtbd.com* এর ওয়েবসাইটে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবে। নিবন্ধনকারীর প্রদত্ত মোবাইলে এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে অনুমোদনের তথ্য জানানো হবে এবং নির্ধারিত টার্মিনাল ও পার্কিং ব্যবহারের নির্দেশনা প্রদান করা হবে।
এর ফলে শহরের মূল সড়কে অপ্রয়োজনীয় চাপ কমবে, যানজট হ্রাস পাবে এবং পর্যটকরা একটি স্বস্তিদায়ক ও সময়ানুবর্তী ভ্রমণ অভিজ্ঞতা লাভ করবেন।
এই ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় ট্যুরিস্ট বাস কর্তৃপক্ষকে সড়ক দুর্ঘটনা রোধ, পরিবেশ ও শৃঙ্খলা রক্ষায় কিছু বাধ্যতামূলক নিয়ম প্রতিপালনের বিষয়ে অবহিত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে- চালককে দক্ষ, অভিজ্ঞ ও পেশাদার হতে হবে। যাত্রী নামানোর পর বাস টার্মিনালে বা পার্কিং প্লেসে নিয়ে যেতে হবে।যত্রতত্র কিংবা রাস্তায় অবৈধ পার্কিং করা যাবে না। সড়কে ময়লা আবর্জনা ফেলা যাবে না।পানিতে প্লাস্টিক ফেলা যাবে না।
এই ডিজিটাল উদ্যোগ কেবল ট্রাফিক ব্যবস্থাপনাকেই শৃঙ্খলাবদ্ধ করবে না, বরং রাঙ্গামাটিকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও পর্যটক-সহায়ক গন্তব্য হিসেবে নতুনভাবে উপস্থাপন করবে। পর্যটকদের কাছে জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে, সেবার মান বাড়বে এবং টেকসই পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই উদ্যোগের সফলতা নির্ভর করবে পর্যটক, পরিবহন মালিক, চালক, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতার উপর। সকলের অংশগ্রহণে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটন-বান্ধব রাঙ্গামাটি গড়ে তোলাই এই ডিজিটাল উদ্যোগের মূল লক্ষ্য।






























