রাঙামাটিতে পিকআপ খাদে পড়ে ২ শ্রমিক নিহত

রাঙামাটির কামিলাছড়িতে কাঠভর্তি পিকআপ উল্টে দু’জন নিহতের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই পিকআপ চালক ও সহকারী পালিয়ে যায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- জেলার সদর উপজেলার মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামিলাছড়ির বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। এ ঘটনায় আহত আরেক শ্রমিক বিনয় চাকমাকে (৩৫) রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গাছের গুঁড়ি বোঝাই করে একটি পিকআপ কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল। কামিলাছড়ি এলাকায় এসে খাড়া ঢালু রাস্তায় ওঠার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পেছনের দিকে গড়িয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা শ্রমিকরা গাছের গুঁড়ি ও পিকআপের নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত বিনয় চাকমা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান জানান, গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে গুরুতর তিনজনকে আনার পথেই তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।