চাঁদপুরের হাজীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের হাজীগঞ্জে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ ২০২৬) বিকেল ৫টা ৫০ মিনিটে উপজেলার রান্ধুনিমোড়া হাইস্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন কামরুল হাসান বাবলু (৪০)। তিনি হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রান্ধুনিমোড়া (পাটোয়ারী বাড়ি) এলাকার মৃত মকসুদ আলীর ছেলে।
হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার চাঁদপুরের নির্দেশনা এবং হাজীগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল জব্বার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন। এসময় তার সঙ্গে এএসআই (নিঃ) মনির মুন্না ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রান্ধুনিমোড়া হাইস্কুল সংলগ্ন প্রস্তাবিত বায়তুল জান্নাত জামে মসজিদের সামনে পাকা সড়কে অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন হিসেবে কামরুল হাসান বাবলুকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করা হলে পরিহিত প্যান্টের বাম পকেট থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাক উদ্ধার করা হয়। ওই পলিপ্যাকের ভেতর থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ ঘটনায় এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৪, তারিখ ১৫ মার্চ ২০২৬। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারা অনুযায়ী রুজু করা হয়েছে।
মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) মো. সাঈক বিন আহম্মেদকে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আগামী ১৬ মার্চ ২০২৬ তারিখে যথাযথ পুলিশ প্রহরায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
হাজীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।






















