গুচ্ছ গ্রামের পাশে অবৈধ ও অপরিকল্পিত খননে খালে ডুবে ১ জনের মৃত্যু

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের নালুকাবাড়ি গুচ্ছগ্রামের পাশ্বে অপরিকল্পিত ও অবৈধভাবে গভীর ভাবে খাল খননের জন্য খালের পানিতে ডুবে মিনতি পাহান (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত মিনতি পাহান একই গ্রামের বাসিন্দা ভুলু পাহানের স্ত্রী।
ঘটনাটি ঘটেছে শনিবার (০২ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে হাঁস নেওয়ার জন্য খালের পাশে গিয়ে হাঁস আনতে লেগে গভীর খালে ডুবে প্রায় ১৬ ঘন্টা নিখোঁজ থাকার পর আজ সকালে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে মরা দেহ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের খাল থেকে হাঁস আনতে গিয়ে তিনি খালের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ পানিতে তলিয়ে যান এবং আর ভেসে উঠতে পারেননি।
এ সময় তার ১১ বছর বয়সী ছেলে দুর্জয় মাকে ডুবে যেতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এমনকি বেড়জাল ব্যবহার করেও কোনো ফল মেলেনি।
পরে বিষয়টি বদলগাছী থানা পুলিশকে জানানো হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রবিবার (০৩ মে ২০২৬) সকালে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল ১০.০০ টার দিকে খাল থেকে মিনতি পাহানের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, গুচ্ছগ্রামের পাশের খাল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে খালটি অস্বাভাবিকভাবে গভীর হয়ে পড়েছে, যা এ দুর্ঘটনার অন্যতম কারণ।
গুচ্ছগ্রামের সভাপতি আবুবক্কর সিদ্দিক বলেন,
“অবৈধ বালু উত্তোলনের কারণে খালটি অনেক গভীর হয়ে গেছে। বালু উত্তোলনকারীদের বাধা দিলে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখায়।এভাবে চলতে থাকলে পুরো গুচ্ছগ্রাম ভাঙনের ঝুঁকিতে পড়বে।”
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সহকারী ভূমি কমিশনার পলাশ উদ্দিন বলেন,“রাতে মাটি খননের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ২-৩ বার অভিযান পরিচালনা করা হয়েছে। তবে ঘটনাস্থলে কাউকে হাতেনাতে ধরা না গেলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।






























