রাঙামাটিতে ১৩শ পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা

বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
শুক্রবার (০৭ আগস্ট ২০২৬) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় রাঙ্গামাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তবলছড়ি এলাকার এডিসি হিলে অবস্থিত ওমদামিয়া হিল পৌর জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে একযোগে ১ হাজার ৩০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পৌর এলাকার দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. হাবীব আজমের বিশেষ বরাদ্দের অংশ হিসেবে এবং তাঁর সার্বিক তত্ত্বাবধানে এ খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌর বিএনপির সভাপতি শফিউল আজম শফি, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক মো. নুরনবী সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাদ্য সহায়তা গ্রহণকারী পরিবারগুলোর সদস্যরা জানান, পাহাড় ধস ও বন্যার কারণে তারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকের ঘরে খাদ্যের সংকট দেখা দিয়েছে। এমন কঠিন সময়ে এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।






























