ঠাকুরগাঁওর পীরগঞ্জে কৃষকের লাউ-চিচিঙ্গা ক্ষেতে দুর্বৃত্তের হানা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন কৃষকের পরিশ্রমে গড়ে তোলা লাউ ও চিচিঙ্গার ক্ষেত কীটনাশক প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। একই সঙ্গে এক কৃষকের প্রায় ১০০টি লাউ গাছ কেটে ফেলার অভিযোগও পাওয়া গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার কষারানীগঞ্জ ইউনিয়নের বাজারদেহা গ্রামের কৃষক রবিউল ইসলাম, সোহাগ ও মানিক নামে তাদের লাউ ও চিচিঙ্গার ক্ষেত দেখতে গেলে গাছগুলো ঝিমিয়ে পড়া অবস্থায় দেখতে পান। কৃষকদের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা ক্ষেতের গাছগুলোতে কীটনাশক প্রয়োগ করেছে।

জানা যায়, বাজারদেহা ব্লকের ওই তিন কৃষক অন্যের কাছ থেকে ৭০ শতক জমি লিজ নিয়ে লাউ ও চিচিঙ্গা চাষ করেছিলেন। জমিতে ফলন আসতে শুরু করেছিল। এরই মধ্যে একবার ফসল বিক্রিও করেছিলেন তারা।

কৃষক রবিউল ইসলামের হিসাব অনুযায়ী, জমি তৈরি, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরিসহ ৭০ শতক জমিতে প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। ভালো ফলন হলে দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত ফসল বিক্রির আশা করেছিলেন তারা।

তবে মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা ক্ষেতের লাউ ও চিচিঙ্গা গাছে কীটনাশক প্রয়োগ করে বলে অভিযোগ করেন কৃষকরা। এর পাশাপাশি কৃষক রবিউল ইসলামের একক ৪০ শতক জমিতে থাকা প্রায় ৩০০টি লাউ গাছের মধ্যে প্রায় ১০০টি গাছ কেটে ফেলা হয়েছে।

এ ঘটনায় রবিউল ইসলাম, সোহাগ ও মানিক মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পরিশ্রমের ফসল এভাবে নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কৃষকরা জানান, এ ঘটনায় এলাকায় অন্যান্য কৃষকদের মধ্যেও ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা হেলাল বাবু বলেন, এভাবে ফসল নষ্ট করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। কৃষকদের ক্ষতির পরিমাণ অনেক। কৃষি বিভাগের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।

এদিকে স্থানীয় কৃষকরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।