রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন দীপন তালুকদার

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের একাদশতম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাঙ্গামাটি জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি দীপন তালুকদার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিমের নেতৃত্বে পরিষদের একটি প্রতিনিধিদল গেট থেকে তাঁকে পুষ্পস্তবক অর্পণ করে স্বাগত জানায়।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর দীপন তালুকদার বলেন, পার্বত্য জেলার জনগণের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি এবং আর্থ-সামাজিক অগ্রগতিকে গুরুত্ব দেওয়া হবে। পার্বত্য অঞ্চলের জীবনযাত্রার মান উন্নয়নে লক্ষ্যে কাজ করব। তিনি সর্বস্তরের সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে নবাগত ১৪ সদস্য শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মার্মা, পাইচিং মং মার্মা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মণ, মোহাম্মদ মামুনুর রশিদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ এবং চন্দ্রা চাকমা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে নবাগত চেয়ারম্যান দীপন তালুকদার কাউখালী উপজেলার বেতবুনিয়া থেকে মোটর শোভাযাত্রাসহ বিএনপি দলীয় কার্যালয়ে যান।

উল্লেখ্য, গত ২৪ আগষ্ট সোমবার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে আনুষ্ঠানিক ভাবে তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে যোগদান পত্রে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহন করেন।