কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে ছাড়া হচ্ছে ৫৮ হাজার কিউসেক পানি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই লেকের পানির স্তর বিপদৎসীমা অতিক্রম করায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে ৩ ফুট করে খুলে দেয়া হয়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এই তথ্য নিশ্চিত করে বলেছেন,রবিবার সকাল সাড়ে ১০ টায় ৩ ফুট উচ্চতায় খুলে দেয়া হয়েছে স্পিলওয়ের ১৬টি গেট। এর আগে গতকাল শনিবার রাত ৮ টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছিল।
রবিবার (৩০ আগস্ট) ৩ ফুট করে পানি ছাড়ার কারণে বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল প্রায় ১০৬ দশমিক ২০ ফুট এমএসএল।
পানি ছাড়ার কারণে কাপ্তাই, রাঙ্গামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানির উচ্চতা বাড়তে পারে। এ অবস্থায় নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা ও চলাচলকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






























