প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে অবকাঠামো উন্নয়ন হতে দেওয়া হবে না: পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে পার্বত্য চট্টগ্রামে কোনো ধরনের পর্যটন বা অবকাঠামোগত উন্নয়ন হতে দেওয়া হবে না। আমরা পরিবেশ অক্ষুণ্ণ রেখে উন্নয়নমূলক কাজ করব।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাঙামাটি জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে অনুষ্ঠিত বিশেষ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে এবং জনগণের জানমালের রক্ষা করতে সরকারকে যা যা করা প্রয়োজন, তা অবশ্যই করবে।

তিনি আরও বলেন, যেখানেই দুর্নীতির চিহ্ন পাওয়া যাবে, সেখানেই আমরা কঠোর ব্যবস্থা নেব। আমরা সবাই মিলে এই পার্বত্যাঞ্চলকে অন্যতম সমৃদ্ধ ও সম্প্রীতিপূর্ণ শহর হিসেবে গড়ে তুলতে চাই।

‎সাংবাদিকদের ব্রিফ করার সময় রাঙামাটি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি, জেলা প্রশাসক নাজমা আশরাফি, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, রিজিয়ন কমান্ডার হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, পিএসসি সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।