কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বেড়াতে গিয়ে কর্ণফুলী নদীতে ডুবে মো. শাজিদ শাহরিয়ার (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত শাজিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নরসিংদীর মো. নাছির উদ্দীনের ছেলে। তার বাবা পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি)।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সীতারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর বিকেল পৌনে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা ও নরসিংদী থেকে ১২ জনের একটি দল কাপ্তাইয়ের সীতার পাহাড় এলাকায় বেড়াতে যায়। দুপুরে ঘোরাঘুরি শেষে তারা কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় গোসল করতে নামেন। একপর্যায়ে পা পিছলে নদীতে পড়ে যান শাজিদ। পরে তিনি পানিতে তলিয়ে যান।

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে খবর পেয়ে উদ্ধারকারী ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। কর্ণফুলী নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হয়। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৪০ ফুট দূরে নদীর ভেতর থেকে শাজিদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার শেষে মরদেহটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল বলেন, বিকেল পৌনে ৫টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, হাসপাতালে আনার আগেই শাজিদের মৃত্যু হয়েছে।