লংগদুতে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে কিশোরের মৃত্যু

রাঙামাটির লংগদুতে ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় দরজায় ঝোলানো পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অর্জিত চাকমা ওই এলাকার বাসিন্দা মিত্র দেব চাকমা ও কোনা চাকমার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় অর্জিতের গলা দরজার পর্দায় জড়িয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।