অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে পাহাড়ে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ় হবে: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি মনে করেন, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত খাতে উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী সাচিং প্রু জেরি বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়িত না হওয়ার দায়ভার বিগত সরকারের। চুক্তিটিকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে তিনি জানান, মতভেদ থাকলেও এরই মধ্যে চুক্তির ৭০ থেকে ৭৫ শতাংশ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট অংশ বাস্তবায়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।

মন্ত্রী কাপ্তাই হ্রদে বর্জ্য ব্যবস্থাপনার জন্য দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণের মাধ্যমে পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, টেকসই উন্নয়নের জন্য পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও পানির উৎসগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক রুহুল আমিন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।