তিন পার্বত্য জেলা পরিষদ শিগগিরই গঠন হবে: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

তিন পার্বত্য জেলা পরিষদগুলো গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে খুব শিগগিরই এটি গঠন করা হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

শনিবার (১৬ মে) সকালে মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখার শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাপানী কুমন শিখন পদ্ধতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, নতুন প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও প্রতিযোগিতামূলক করে তুলতে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই।

ব্র্যাক কুমন লিমিটেড ও মোনোঘরের যৌথ উদ্যোগে লার্নিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনোঘরের সভাপতি উদয় শংকর মহাথের, ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান, এমএইচএসডিএফসি ব্যাংক লিমিটেড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কিমুরা কেঞ্জি ও জাইকা বাংলাদেশের অফিসের স্পেশাল অ্যাডভাইজার কিয়োকো আমাদা।

এ কার্যক্রমের আওতায় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪০ জন শিক্ষার্থী ব্র্যাক কুমন ইন-স্কুল প্রোগ্রামের মাধ্যমে কুমন মেথডে পড়াশোনার সুযোগ পাবে। এতে বিশেষভাবে সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানরা উপকৃত হবে।

উল্লেখ্য, জাপানে উদ্ভূত কুমন মেথড বর্তমানে বিশ্বের ৬০টিরও বেশি দেশে প্রচলিত। প্রতিদিনের অনুশীলন, শক্তিশালী ভিত্তি গঠন, মনোযোগ বৃদ্ধি এবং স্বনির্ভরভাবে শেখার সক্ষমতা তৈরিতে এ পদ্ধতি কার্যকর ভূমিকা রাখে।