নেত্রকোণায় আলাদা স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে শামসুল হুদা (৫৫) ও আশরাফুল ইসলাম (২৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শামসুল হুদা উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে। অপর নিহত আশরাফুল ইসলাম ডাউকি বেদেনার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরতে গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল ৬টার দিকে হঠাৎ বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তার মাও একই রোগে ভুগছেন। বৃহস্পতিবার সকালে সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনিও বজ্রপাতে নিহত হয়েছেন।
অপরদিকে আজ বৃহস্পতিবার সকাল ৫টার দিকে জেলার মদন উপজেলায় রাজিব (২৪) নামে এক ইটভাটার শ্রমিক বজ্রপাতে মারা গেছেন। তিনি কাইটাল গ্রামের সোনালী মিয়ার ছেলে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সুস্থির সরকার
নেত্রকোনা
১৮/০৬/২০২৬