নেত্রকোণার কুলপতাক হরি মন্দিরে ২৪ প্রহর ব্যাপী ২০তম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে

জেলার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক হরি মন্দির প্রাঙ্গনে ২৪ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। কুলপতাক, বল্লভপুর, মহড়া, কান্দিপাড়া ও লক্ষণপুর গ্রামের সনাতনী ভক্তবৃন্দ এই মহাযজ্ঞ অনুষ্ঠান আয়োজন করেন।
৬ মার্চ (শুক্রবার) সকাল ১০ টায় দধী ভাঙ্গন ও মোহন্ত বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
২ মার্চ শুভ অধিবাসের মাধ্যমে শুরু হওয়া মহানাম যজ্ঞ অনুষ্ঠানে হাজার হাজার ভক্তবৃন্দের আগমনে মুখরিত হয়ে উঠেছিল কুলপতাক হরি মন্দির প্রাঙ্গণ। দূর-দূরান্ত থেকে আসা কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দ দিন রাত তন্ময় হয়ে হরিনাম শ্রবণ করেছেন।
নাম সুধা বিতরণে ছিলেন শ্রীশ্রী ত্রিবেণী অষ্টসখী, সম্প্রদায়,গোপালগঞ্জ, শ্রীশ্রী সত্যের সারথি, দিনাজপুর, শ্রীশ্রী কৃষ্ণ সারথী সম্প্রদায়, নেত্রকোণা শ্রী শ্রী গৌর চাঁদ সম্প্রদায় নেত্রকোনা, শ্রীশ্রী কৃষ্ণ পাগল সম্প্রদায় খালিয়াজুরী। কুঞ্জ সেবায় ছিলেন শ্রীযুক্ত পুলক গোস্বামী, মোহনগঞ্জ নেত্রকোণা।
মহাযজ্ঞে আগত ভক্তবৃন্দের আহার্য সেবায় জেলা প্রশাসক মো: সাইদুর রহমান আর্থিক সহায়তা প্রদান করেছেন। উৎসব কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন সাংবাদিক সুস্থির সরকার। তিনি বলেন, নাম শ্রবণে চোখের জলে ভাসা ও ভক্তবৃন্দের অপরাপর আলিঙ্গন ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন দর্শনের অংশ বিশেষ।






























