নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যালয় বন্ধ চলছে ফ্যান, জ্বলছে লাইট

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মুন্সিপাড়া ভাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সাপ্তাহিক বন্ধ এবং দেশে বিদ্যুৎ সংকট থাকার পরও শ্রেণিকক্ষে ফ্যান ও বারান্দার সবগুলো লাইট চালু থাকার অভিযোগ উঠেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিদ্যালয়টিতে এমন চিত্র দেখা গেছে। এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে প্রতিবেদকের কাছে কয়েকটি ভিডিও ফুটেজও এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবার নিয়মিত সরকারি ছুটির কারণে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এরই ধারাবাহিকতায় মুন্সিপাড়া ভাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ রয়েছে। তবে বিদ্যালয় বন্ধ থাকার পরও শ্রেণিকক্ষে ফ্যান চলতে ও লাইট জ্বলতে দেখা যায়। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলেন, স্কুল বন্ধ থাকলেও আজ রুমে রুমে ফ্যান ও লাইট জ্বলছে। যেখানে আমাদের গ্রামে অনেক সময় বিদ্যুৎ পাওয়া যায় না সেখানে বিদ্যালয়ে এভাবে বিদ্যুতের অপচয় হচ্ছে। এ জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে জানতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
এ নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় ফ্যান চলা ও লাইট জ্বলা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি আমি দেখছি।



























