সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিয়ে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)’র সংবাদ সম্মেলন

দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম এর সদর দপ্তরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে বিজিবি’র কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন এর সদর দপ্তরের বিনোদন রুমে এই সংবাদ সম্মেলন করেন, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস।
সংবাদ সম্মেলনে এসময় কাপ্তাই ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফারহাত, ক্যাপ্টেন আশরাফ, সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার উপস্থিত ছিলেন।
এসময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধ, আন্তঃ সীমান্ত অপরাধ দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সাথে অর্পিত দায়িত্ব নিরলসভাবে পালন করে যাচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের মোট ৪,৪২৭ কিঃ মিঃ (ভারতের সাথে ৪,১৫৬ ও মায়ানমারের সাথে ২৭১ কিঃ মিঃ) সীমান্তের মধ্যে দক্ষিণ-পূর্ব রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ৫৪০ কিঃ মিঃ নিয়ে বেষ্টিত। যা চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত আমতলী হতে রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার কচুতলী পর্যন্ত বিস্তৃত। বিজিবি দক্ষিণ-পূর্ব রিজিয়নের আওতাধীন সর্বমোট ১৩টি ব্যাটালিয়ন সীমান্তের সুরক্ষা প্রদান করছে।
তিনি বলেন, দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রামের অধীনস্থ ইউনিট সমূহ আভিযানিক কার্যক্রম পরিচালনা করে চলতি বছরে ২৯ জন আসামীসহ ৫৮ লক্ষ ৭৯ হাজার ১৩৫টাকার মাদক এবং ২৭ কোটি ৭১ লক্ষ ৪৯ হাজার ৬৮৪ টাকার অন্যান্য মালামালসহ সর্বমোট ২৮ কোটি ৩০ লক্ষ ২৮ হাজার ৮১৯ টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ-পূর্ব রিজিয়নের দায়িত্বপূর্ন সীমান্ত এলাকায় টহল তৎপরতা জোরদারসহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
এছাড়াও এ বছরে দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম এর অধীনস্থ ইউনিট সমূহ ৮১৫ বোতল বিদেশী মদ ও ৪০৮ লিটার দেশীয় মদ, ৩৭৩ বোতল ফেন্সিডিল, ৬২ বোতল বিয়ার, ৫২০টি মদ তৈরীর ট্যাবলেট, ৪ লক্ষ ৪৪ হাজার ৫১৩ কেজি গাঁজা এবং ১ হাজার ২১৩টি ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়েছে। এছাড়া চলতি বছরে দক্ষিণ-পূর্ব রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ ৬৬৭টি গরু, ১৭টি মহিষ এবং ৩৭টি ছাগল আটক করতে সক্ষম হয়েছে।
সাংবাদিকদের আরো একটি প্রশ্নের জবাবে বিজিবি অধিনায়ক বলেন, দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম এর আওতাধীন ইউনিট সমূহ বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। যার মধ্যে রয়েছে, ২টি দেশীয় রাইফেল, ২টি ১২ বোর পিস্তল, ১টি ১২ বোর শর্ট গান, ১টি ৯ এম এম পিস্তল (যুক্তরাষ্ট্র), ১টি ৮ এম এম পিস্তল (ভারতীয়), ৫০০ গ্রাম গান পাউডার, ১টি ১ নলা দেশীয় বন্দুক, ১টি এসএমজি (এম-৪, এ-১), ২টি ম্যাগাজিন এবং দেশীয় অস্ত্র ৫০০টি (হাসুয়া ও দা)।
এসময় তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোন অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ চোরাচালান বন্ধে প্রত্যেক বিজিবি সদস্য বদ্ধ পরিকর। এছাড়াও সাধারণ জনগণ যাতে অবৈধ অস্ত্র এবং সন্দেহজনক লোকজনের গতিবিধি সংক্রান্ত তথ্য বিজিবি’কে প্রদান করে সে ব্যাপারে সীমান্ত এলাকায় প্রতিনিয়ত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের উপস্থিতিতে জনসচেতনতামূলক সভার মাধ্যমে উদ্বুদ্ধ করা হচ্ছে। ভবিষ্যতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।





























