রাঙামাটিতে শুরু হয়েছে মাঘ মেলা ২০২৬

রাঙ্গামাটিতে ৭ দিনব্যাপী মাঘ মেলা ২০২৬ শুরু হয়েছে। রাঙ্গামাটি জেলা পরিষদ প্রাঙ্গণে ২৫ জানুয়ারি হতে শুরু হওয়া এই মেলার আয়োজন করেছে স্থানীয় নারী উদ্যোক্তারা।
মেলায় ঘুরে দেখা গেছে, বাঁশ ও কাঠের নান্দনিক পণ্য, হাতে তৈরি প্রাকৃতিক সৌন্দর্য পণ্য, নানা রকমের স্থানীয় বুটিক, টেক্সটাইল, মাটির জিনিসপত্র, পাহাড়ি ট্রেডিশনাল পোশাক, কোমর তাতের বস্ত্রপণ্য, বাচ্চাদের পোশাক ও খেলনা, নারীদের সাজসজ্জার জিনিসপত্র প্রদর্শনী ও বিক্রির আয়োজন করেছে নারী উদ্যোক্তারা।
রাঙ্গামাটি উম্যান’স চেম্বারের সভাপতি মনোয়ারা বেগম জানান, উদ্যোক্তাদের উৎসাহিত করতে ও এগিয়ে নিতে তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেলার আয়োজন করা হয়েছে।
স্থানীয় উৎপাদিত পণ্য বিক্রয় ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে এখানকার জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যেতে পারে। আর কর্মসংস্থান সৃষ্টির ফলে, বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি রাঙ্গামাটিবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, মেলায় আসুন পছন্দের জিনিস কেনাকাটা করুন।
৭ দিনব্যাপী এই মেলা ২৫ জানুয়ারি হতে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। মেলায় স্থানীয় উদ্যোক্তাদের প্রায় ৪০টি স্টল অংশ নিয়েছে।




























