আল্টিমেটামেও সরেনি মহাসড়কপাশের গাছের গুঁড়ি, অতঃপর যৌথবাহিনীর অভিযান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে রাখা গাছের গুঁড়ি সরাতে করাতকল মালিক ও গাছের বেপারীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পরেও সরানো হয়নি গাছের গুঁড়ি।

ফলে গত (১ ফেব্রুয়ারি)রবিবার বেলা ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে যৌথবাহিনীর পরিচালনা করা হয়। এতে উপজেলার হারুয়া বাজার থেকে মাইজবাগ বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে রাখা দুই ট্রাকভর্তি গাছের গুঁড়ি আটক করে যৌথবাহিনী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে। এর আগে গত (২৭ জানুয়ারি) করাতকল মালিকদের মহাসড়কের দু’পাশ থেকে গাছের গুঁড়ি সরাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সতর্ক করেছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস।

কিন্তু এর ৪ দিন পার হলেও কর্ণপাত করেনি করাতকল মালিক ও গাছের বেপারিরা। যে কারণে আজ (১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে বিভিন্ন করাতকল মালিক ও বেপারীদের রাখা দুই ট্রাক গাছের গুঁড়ি আটক করে যৌথবাহিনী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে যোগাযোগব্যবস্থায় যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সে লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, ইলেকটোরাল ইনকোয়্যারি কমিটি,ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন,’আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যোগাযোগব্যবস্থা সচল রাখতে মহাসড়কের দু’পাশ থেকে গাছের গুঁড়ি সরিয়ে নিতে গত ৪ দিন আগে করাতকল মালিক ও গাছের বেপারিদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল।

কিন্তু এতে করাতকল মালিক ও গাছের বেপারিরা কর্ণপাত করেনি। যে কারণে আজ অভিযান চালিয়ে দুই ট্রাক গাছের গুঁড়ি আটক করা হয়েছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে।