রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৩ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে ৩ লক্ষ ১৪ হাজার ৫৯৫ টাকা মূল্যের অবৈধ কাঠ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর সুযোগ্য অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি’র নির্দেশক্রমে রিভারঘাট পোস্টের পোস্ট কমান্ডার হাবিলদার সমরেন্দ্র সিংহ এর নেতৃত্বে একটি টহল দল একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায়-৩৬.৭৪ ঘনফুট সেগুন কাঠ, ৩৩.১৭ ঘনফুট গামারী কাঠ সহ সর্বমোট ৬৯.৯১ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ১৪ হাজার ৫৯৫ টাকা।

জব্দকৃত কাঠ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঘাইছড়ি বন বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের বনজ সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।