বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মিয়ারাজ গাইন (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাতে যশোর বেনাপোল মহাসড়কের বেনাপোল তনিমা ফিলিং স্টেশনের সামনে পুলিশের টহল দল তাঁকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মিয়ারাজ গাইন সাতক্ষীরার কালীগঞ্জ থেকে মুরগিবাহী ভ্যান নিয়ে যশোরে এসেছিলেন। বাজারে মুরগি সরবরাহ শেষে খালি ভ্যান নিয়ে ফেরার পথে বেনাপোলের তনিমা ফিলিং স্টেশনের সামনে পুলিশের টহল দলের নজরে পড়েন তিনি। এ সময় ভ্যানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন ও এসআই মাহবুবুর রহমান। তাঁরা ঘটনাস্থল থেকে মিয়ারাজকে আটক করেন।

আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শংকরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সিরাজুল গাইন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন বলেন, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা অস্ত্র সংশ্লিষ্ট ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্র ব্যবসায়ীদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। উদ্ধার করা ম্যাগজিন ও গুলির উৎস এবং এগুলোর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।