ঝালকাঠির কাঠালিয়ায় ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক

ঝালকাঠির কাঠালিয়ায় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে উপজেলার কচুয়া এলাকা ও উপজেলা বাসস্ট্যান্ডে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত হোসেন হাওলাদারের ছেলে মো. কবির হাওলাদার (৪৫) ও মো. শাহ আলম হাওলাদারের ছেলে মো. রাজিব হাওলাদার (২৪)। অপরদিকে, উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ ওয়াদুদ সিকদারকে (৪০) আটক করা হয়। তিনি উপজেলা সদরের ২ নম্বর ওয়ার্ডের মৃত ইলিয়াস সিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া এলাকায় অভিযান চালিয়ে কবির ও রাজিবকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই রাতে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওয়াদুদ সিকদারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






























