কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ১০২ ফুট, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২২২ মেগাওয়াট

টানা এক সপ্তাহের বেশি সময় ধরে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে কাপ্তাই হ্রদের পানির স্তর। এতে বেড়েছে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও। বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিট থেকে মোট ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা চলতি বছরের সর্বোচ্চ।
কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির স্তর দাঁড়িয়েছে ১০২ দশমিক ২২ ফুট মিন সি লেভেলে। এক সপ্তাহ আগেও পানির স্তর ছিল প্রায় ৭৮ ফুট মিন সি লেভেলে।
কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পানির স্তর বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে মোট ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
তিনি আরও জানান, গত বছরের নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ২০০ মেগাওয়াটের বেশি থাকলেও হ্রদে পানির স্বল্পতার কারণে ডিসেম্বর থেকে উৎপাদন ২০০ মেগাওয়াটের নিচে নেমে আসে। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে হ্রদে পানি বাড়ায় উৎপাদন আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।






























