কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত

রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি স্বল্পতার কারণে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৩টি ইউনিট বন্ধ রয়েছে।

বর্তমানে চালু থাকা ২টি ইউনিট থেকে মাত্র ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। অথচ, এই কেন্দ্রের ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

বুধবার (১০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্তর দিন দিন কমতে থাকে। চলতি সপ্তাহে মাঝে মধ্যে বৃষ্টিপাত হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

আজকের তারিখে যেখানে কাপ্তাই লেকে রুল কার্ভ অনুযায়ী পানির লেভেল ৭৮ দশমিক ৩৪ ফুট মিন সি লেভেল থাকার কথা সেখানে আজ সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৭৩ দশমিক ৯১ ফুট মিন সি লেভেল। এখনও পানির লেভেল ৪ দশমিক ৪৩ ফুট মিন সি লেভেল কম আছে।

তিনি আরো জানান, বুধবার সকাল ৯টা পর্যন্ত ২টি ইউনিট থেকে ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ২নং ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৩নং ইউনিট থেকে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।