পারস্পরিক সহানুভূতি ও ভ্রাতৃত্বের সেতুবন্ধনে পরিণত হয় ঈদ উৎসব: দীপেন দেওয়ান

পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম জাতির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। পাহাড়ে বসবাসকারী পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মধ্যে সংহতি, বন্ধুত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে এই উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাঙ্গামাটি শহরের মাতৃমঙ্গল এলাকায় ব্যবসায়ী সাহাব উদ্দিনের পরিবারের উদ্যোগে আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পার্বত্যমন্ত্রী বলেন, ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক বন্ধন সুদৃঢ় করারও এক মহৎ উপলক্ষ্য। সামাজিক ও ধর্মীয় উৎসব যেন পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের সেতুবন্ধন হয়ে ওঠে, সেই দৃষ্টান্ত স্থাপন করবে ঈদুল ফিতর।

এ সময় তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রায় এক হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আলু, চিনি, সেমাই, তেলসহ প্রায় আট প্রকারের ইফতারসামগ্রী বিতরণ করা হয়।