যশোরের শার্শায় দুই সাংবাদিককে মারধর, হত্যার হুমকি, থানা জিডি

যশোরের শার্শায় দুই সাংবাদিককে বেধড়ক মারধর, বাড়িতে হামলা-ভাঙচুর এবং মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১ থেকে ১২ টার মধ্যে উপজেলার বাগুড়ী খ্রিস্টান মিশনের পাশে ও পরবর্তীতে সাংবাদিক সোহাগ হোসেনের বাড়িতে এসব ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মানবাধিকারকর্মী আসাদুজ্জামান আজাদের সঙ্গে সাংবাদিক সোহাগ হোসেন ও শাহারুল ইসলাম রাজের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষই মারধরের শিকার হন বলে দাবি করা হয়েছে।

পরবর্তীতে স্বেচ্ছাসেবক দলনেতা আশিকুজ্জামান আশিক সাংবাদিক সোহাগ হোসেনকে কাঠের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে সোহাগ হোসেন গুরুতর আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, আশিকুজ্জামানের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন ব্যক্তি বেলতলা বাজারে সাংবাদিক সোহাগ হোসেন ও শাহারুল ইসলাম রাজকে খুঁজতে থাকেন। সেখানে তাদের না পেয়ে সোহাগ হোসেনের বাড়িতে গিয়ে ভাঙচুর ও পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে সোহাগ হোসেনকে বাড়িতে না পেয়ে তার মামাতো ভাই সাংবাদিক শাহারুল ইসলাম রাজকে ফোন করে সাগর ও মিঠু হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্টদের দাবি, ঘটনাটির সঙ্গে আশিকুজ্জামান আশিক, সাগর, মিঠু, হুমায়ুন বাবুসহ আরও কয়েকজন জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অভিযোগকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, কথোপকথনের একটি অডিও রেকর্ড ইতোমধ্যে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, সাংবাদিক সোহাগ হোসেন এর আগে আশিকুজ্জামান আশিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশ করেছিলেন। সেই সংবাদ প্রকাশের জের ধরে হামলার ঘটনা ঘটেছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা।