রাঙামাটিতে অটোরিকশা-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু

রাঙ্গামাটির লংগদু উপজেলায় মাহিন্দ্রা ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও সাতজন আহত হয়েছেন। নিহত শিশুটির নাম আসলাম (২)।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার ইসলামবাদ এলাকার নাজিম টিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
স্থানীয় সূত্র জানায়, বাইট্টাপাড়া থেকে দীঘিনালাগামী একটি মাহিন্দ্রা এবং সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে ছেড়ে যাওয়া একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা চালকসহ আটজন গুরুতর আহত হন। তবে মাহিন্দ্রাতে থাকা যাত্রীরা অক্ষত ছিলেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লংগদুর রাবেতা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত দুই বছর বয়সী শিশু আসলাম রাঙ্গামাটি সদর হাসপাতালে মারা যায়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শওকত আকবর খান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছেন। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





























