রাঙ্গামাটিতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবস

স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনার, কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন স্মৃতিসৌধ, শহীদ এম. এ. আলী স্মৃতিস্তম্ভ ও শহীদ এম শুক্কুর স্মৃতিস্তম্ভে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী ও রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়।
এর আগে রাঙ্গামাটি জেলা পুলিশের চৌকস দল ৩১ বার তোপধ্বনি প্রদানের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের শুভ সূচনা করে।
পরে একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।
এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এই কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে রঙিন বেলুন ও শান্তির প্রতীক কপোত উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সম্মানিত অতিথিরা।
এছাড়া জেলাব্যাপী ছিলো দিনভর নানা আয়োজন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলার ১০টি উপজেলায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে।





























