গোপালগঞ্জের মুকসুদপুরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীর আত্মহত্যা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার (৫১) এর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার আট দিন পর শিক্ষার্থী রুপা আক্তার (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে রুপা আক্তার আত্মহত্যা করে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত পরিচালককে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত রুপা আক্তার আয়েশা সিদ্দিকা মহিলা হাফেজিয়া মাদ্রাসার পঞ্চম জামাতের শিক্ষার্থী ছিলেন।

অভিযুক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের আব্দুল হামিদ শিকদারের ছেলে। নিহতের মা বেবি বেগম জানান, মাদ্রাসা ছুটির পরে আমার মেয়েকে আট দিন আগে ধর্ষণ করে। পরে শোক সইতে না পেরে আজ সকালে আত্মহত্যা করে।

আমি আমার মেয়ের ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই৷ মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল জানান, মহিলা মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় শিক্ষার্থী আত্মহত্যা করেছে। অভিযুক্ত মাহমুদুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।