হাদির পর ‘একই স্টাইলে’ খুলনায় এনসিপি নেতাকে গুলির দাবি সত্য নয়: পুলিশ

রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে ‘একই স্টাইলে’ মাথায় গুলি করা হয়েছে এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, হাদির ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো মিল নেই। প্রাথমিকভাবে এটি অভ্যন্তরীণ কোন্দল থেকে ঘটে থাকতে পারে।
তবে সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আল আকসা মসজিদ রোডের মুক্তা হাউজে গুলিবিদ্ধ হয়েছেন এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার (৪২)। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা এবং মৃত মোসলেম শিকদারের ছেলে।
ঘটনার পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঐ বাসায় অভিযান চালায়। অভিযানে পাঁচটি বিদেশি মদের খালি বোতল, একটি পিস্তলের গুলির খোসা এবং ইয়াবা সেবনের কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত এসব আলামত তদন্তের জন্য জব্দ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ, গুলির উৎস এবং এর সঙ্গে কারা জড়িত—তা নির্ধারণে তদন্ত চলছে।
এ বিষয়ে কেএমপির ডেপুটি কমিশনার মো. তাজুল ইসলাম আরও বলেন, ঘটনাস্থলের আশপাশে নারী ও মাদককেন্দ্রিক বিভিন্ন অপরাধের প্রবণতা রয়েছে। সব দিক বিবেচনায় নিয়ে আমরা তদন্ত করছি।
এদিকে, ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্দিষ্ট ঘটনার সঙ্গে তুলনা টানা ঠিক হবে না।































