নেত্রকোণায় স্বামী হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদন্ড

নেত্রকোণায় স্বামী হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

নেত্রকোণা দায়রা জজ আদালতের বিচারক মোছাঃ মরিয়ম-মুন-মুঞ্জুরী আজ সোমবার বিকালে এই রায় ঘোষণা করেন। রায়ে কলমাকান্দা থানার কৈলাটী গ্রামের বাসিন্দা রুবিনা আক্তারকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম এই তথ্য নিশ্চিত করেন।

মামলার বরাতে পিপি জানান, ২০২১ সালের ১৫ মে গভীর রাতে দাম্পত্য কলহের জেরে নিজের বাবার কৈলাটী গ্রামের বাড়িতে জেলার পূর্বধলা উপজেলার লেডিরক্ন্দা গ্রামের বাসিন্দা স্বামী রুকু মিয়াকে ধারালো কুড়াল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন রুবিনা আক্তার।

পরদিন সকালে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আসাদ মিয়া ঘটনার দিন কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রাষ্ট্রপক্ষের উপস্থাপিত ১১ জন সাক্ষীর সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতে আসামি রুবিনা আক্তারকে মৃত্যুদন্ড প্রদান করেন। রায়ের সময় আসামি রুবিনা আক্তার আদালতে উপস্থিত ছিলেন।