দেশের অর্ধেক নারী, নারীদের উন্নতি করতে হবে

“দেশের অর্ধেক নারী, নারীদের উন্নতি করতে হবে, তাহলেই দেশের উন্নয়ন হবে’- আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
‘আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হউক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে নারী দিবসের একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে পুণরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন আরও বলেন, “নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে ও বাস্তবায়ন করছে।
নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে ও সচেতন হতে হবে। গৌরীপুরে নারী নির্যাতনের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার বেগম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের শারীরিক শিক্ষক নাদিরা জামান পান্না প্রমুখ।






























