দুর্গম পাহাড়ে অসহায় গৃহহীন মানুষের পাশে রাঙ্গামাটি রিজিয়ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রাঙ্গামাটি সদর দপ্তর ৩০৫ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে এবং জুরাছড়ি জোন (২ বীর) এর উদ্যোগে অসহায় মানুষের জন্য নতুন ঘর নির্মাণ ও পুরোনো জরাজীর্ণ ঘর সংস্কার করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। কর্মসূচির আওতায় ২০টি পরিবারের জন্য সম্পূর্ণ নতুন ঘর নির্মাণ এবং আরও ৫টি পরিবারের পুরোনো ঘর সংস্কার করা হয়েছে। প্রতিটি ঘরে ফ্যান, লাইট, চৌকিসহ প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করা হয়। পাশাপাশি স্থানীয় ৯১টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে নবনির্মিত ও সংস্কারকৃত ঘর সমূহ উপকারভোগীদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন, জুরাছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজীদ-বিন-আখন্দ, স্থানীয় হেডম্যান, কারবারি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, পবিত্র মাহে রমজানের মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের কল্যাণে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সেনাবাহিনীর সদস্যরা আন্তরিকতা ও দক্ষতার সাথে ঘর নির্মাণের কাজ সম্পন্ন করেছেন, যা উপকারভোগীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নতুন ঘর পেয়ে উপকারভোগী পরিবারগুলো সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।