রাঙ্গামাটির কাপ্তাই লেকের অভয়াশ্রমের সীমানায় নৌযান চলাচলে সতর্কতা ও মাছ ধরায় নিষেধাজ্ঞা

বিএফডিসির অধীনস্থ রাঙ্গামাটির কাপ্তাই লেকের মোট ৭ টি অভয়াশ্রমের মধ্যে ৪ টি অভয়াশ্রমের সীমানায় বয়া স্থাপনের উদ্যোগ নেওয়ায় এসব অভয়াশ্রম এর সীমানার ভিতরে সারাবছর মাছ ধরা ও সকল প্রকার নৌযান চলাচলে সতর্কতা ও নিষেধাজ্ঞা মেনে চলার অনুরোধ জানানো হয়।
বুধবার (১ জুলাই) রাঙ্গামাটি বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার মোঃ ফয়েজ আল করিম এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- বিএফডিসির অধীনস্থ কাপ্তাই লেকে মোট ০৭ টি অভয়াশ্রম আছে। জুন ২০২৬ খ্রি. ৩য় সপ্তাহ হতে কাপ্তাই লেকের অভয়াশ্রম গুলোর নতুন করে নির্ধারিত সীমানা চিহ্নিত করতে নিম্নে উল্লেখিত ০৪ টি অভয়াশ্রম এর সীমানায় বয়া স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
১। বিএফডিসি ফিসারী ঘাটের সম্মুখে হ্রদাংশঃ (উত্তরে: আবু সাঈদের বাড়ির সামনে পর্যন্ত, দক্ষিণে: পৌরসভা বাস টার্মিনাল, পূর্বে: রিজার্ভ বাজার, পশ্চিমে: ফিসারী ঘাট থেকে বনরুপা বাজার সংলগ্ন চিতার পাহাড়),২। লংগদু উপজেলায় নবঘোষিত অভয়াশ্রমঃ (উত্তরে: গরু চরাইন্না টিলা, দক্ষিণে: গাছ টিলা/মাইজ্জা টিলা, পূর্বে: কাট্টলি বাজার/আব্দুলের টিলা, পশ্চিমে: চেয়ারম্যানের স্কীম টিলা ও ফকিরের টিলা), ৩। বীরশেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সমাধি চত্বর মৎস্য অভয়াশ্রমঃ (উত্তরে: তিনটিলা বা তিনগুইজ্যা থেকে পুষ্প বনবিহার/কিয়াং, দক্ষিণে: পুটিখালি কিয়াং থেকে বাবুর কেচকী খোপ টিলা, পূর্বে: বাবুর কেচকী খোপ টিলা থেকে ধামাইড়ছড়া নন্দকানন কিয়াং, পশ্চিমে: পুষ্প বনবিহার/কিয়াং থেকে নয়ন জ্যোতির টিলার পশ্চিম প্রান্তসহ পুটিখালী কিয়াং পর্যন্ত বিস্তৃত এলাকায়), ৪। জেলা প্রশাসকের বাংলো সংলগ্নঃ (উত্তরে চিতার হতে পর্যটন এলাকাসহ উত্তরে তবলছড়ি বাজার হতে বাংলো পর্যন্ত এলাকা, দক্ষিণে: জেলা প্রশাসকের বাংলো বাতিঘর হতে আদার পাহাড়, পশ্চিমে: আদার পাহাড় হতে পশ্চিমে দেওয়ান পাড়া চিতার পাহাড়)
উক্ত কার্যক্রম চলাকালীন উল্লেখিত এলাকাসমুহে সকল প্রকার নৌযান চলাচলের ক্ষেত্রে সতর্কতার সহিত অতিক্রম করার জন্য অবহিত করা হলো। অভয়াশ্রম এর সীমানার ভিতরে সারাবছর মাছ ধরা ও সকল প্রকার নৌযান চলাচলে নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, রাত্রীকালীন সময়ে নৌ চলাচলের সুবিধার্থে রিফ্লেক্টর, বাতি এবং রেডিয়াম সম্বলিত বয়া স্থাপন করা হবে। উল্লেখিত স্থানসমূহে এ সকল মার্কিং সমূহ এড়িয়ে চলাচল করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।





























