রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৮০০ রোগী

রাঙামাটি জেনারেল হাসপাতালের নবনির্মিত ভবনে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে রাঙামাটি সেনা রিজিয়ন ও রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেনারেল হাসপাতাল ও সেনা রিজিয়নের দক্ষ চিকিৎসা কর্মী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে এই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত কার্যক্রমটি পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক স্যারের উদ্যোগ ও অর্থায়নে সাধারণ মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।

ক্যাম্পটিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৮০০ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। পাশাপাশি, তাদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দা ও রোগীরা সেনা রিজিয়নের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।