রাঙামাটিতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উদযাপনের লক্ষ্যে রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে (২৭ সেপ্টেম্বর) জেলা পরিষদ কার্যালয়ের সামনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু এই মেলার উদ্বোধন করেন।

মেলায় স্থানীয় কৃষিপণ্য ও হস্তশিল্প প্রদর্শনের জন্য প্রায় ৫০টি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিবারের মতো এবারও নারী উদ্যোক্তারা পাহাড়ি সম্প্রদায়ের নারীদের তৈরি বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, “পর্যটন শিল্পের বিকাশ এবং স্থানীয় উদ্যোক্তাদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টাকে সহায়তা করার লক্ষ্যে আমরা এই মেলার আয়োজন করেছি। স্থানীয় নারী উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শনের জন্য এখানে স্টল দিয়েছেন।”

তিনি বলেন, আগামী দিনে আমাদের পর্যটন শিল্পের বিকাশে এবং পাহাড়ের উৎপাদিত পণ্য সামগ্রী যাতে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানী করা যায় সেই দিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছি। আগামী কিছু দিনের মধ্যে এই সুফল পার্বত্য অঞ্চলের মানুষ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও পর্যটন বিষয়ক আহবায়ক শ্বাশৎ চাকমা রিংকু, অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, নন্দিতা দাশ এবং রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা প্রমুখ।